Sylhet Today 24 PRINT

নদ-নদীর পানি বাড়লেও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা নেই: পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২৪

বন্যায় তলিয়ে গেছে সিলেটের কানাইঘাট

সুনামগঞ্জে গত ৪৮ ঘণ্টায় নদ-নদীর পানি প্রায় দুই মিটার বাড়লেও দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর পক্ষ থেকে বলা হয়েছে, জেলার সবগুলো হাওর পানিশূন্য থাকায় উজানের ঢলের পানি হাওরে প্রবেশ করলে নদীর পানি কমে যাবে।

গত দুদিন সুনামগঞ্জে মাত্র ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ায় উজানের পানি সুরমা নদী দিয়ে নামছে। এ কারণে বৃহস্পতিবার বিকেলে সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ দশমিক ০৩ সেন্টিমিটার উপর দিয়ে, অর্থাৎ বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পানি কুশিয়ারা ও সুরমা হয়ে সুনামগঞ্জের দিকেই নামবে। তাতে নদীর পানি আরও কিছু বাড়লেও বন্যা হওয়ার আশঙ্কা কম।

‘হাওরে পানি ধারণ করার পরিস্থিতি রয়েছে। সুতরাং নদীতে পানি বাড়লেও দ্রুতই পানি কমে যাবে। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত আটটায় আয়োজিত জুম মিটিংয়ে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.