Sylhet Today 24 PRINT

নৌকাডুবিতে নিখোঁজের এক দিন পর ভেসে উঠলো বৃদ্ধের লাশ

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০১ জুন, ২০২৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. ইসহাক মিয়ার (৬২) সন্ধান মিলেছে।

শনিবার (১ জুন) বিকাল ৩ টায় খাইহাওর বেদাকালী নামক খাড়ার পাশে তার লাশ ভেসে ওঠে। ইসহাক মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের ছমির উদ্দিনের ছেলে। পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ছাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল থেকে নিহতের স্বজনরা নৌকা করে হাওরে নিখোঁজের ইসহাক মিয়ার সন্ধান করছিলেন। এ সময় দুর্ঘটনাস্থল খাইহাওরে বেদাখালী নামক স্থানের পাশে নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এর আগে শুক্রবার সকাল ১০ টায় হাওরে প্রবল স্রোতের মধ্যে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ইসহাক মিয়া নিখোঁজ হন। এসময় আহত অবস্থায় সুহেল মিয়া (৩০) কে উদ্ধার করা হয়। স্থানীরা চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। নৌকায় থাকা আরও ২ জন সাঁতার কেটে পাড়ে উঠেন।

জানা যায়, পাথারিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে একই গ্রামের ৪ জন নৌকা করে হাওর পাড়ি দিচ্ছিলেন। এ সময় বেদাখালী নামক স্থানে আসামাত্র খাড়ার পানির প্রবল স্রোতে নৌকা ডুবে যায়। ইসহাক মিয়া পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ ইসহাক মিয়ার সন্ধান পাননি। আজ শনিবার বিকাল ৩ টায় ঘটনাস্থলে লাশ ভেসে উঠতে দেখতে পেয়ে তাঁর পরিবারের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফন করা হয়েছে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.