নিজস্ব প্রতিবেদক | ০৪ জুন, ২০২৪
দুদিন কমার পর সোমবার থেকে আবার বাড়তে শুরু করেছে সিলেটের নদনদীর পানি। রোববার মধ্যরাতের ভারি বৃষ্টির কারণে পানি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
পানি উন্নয়ন বোর্ডের সোমবার দুপুর ১২টার তথ্যমতে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি রোববার কমলেও সোমবার বেড়েছে। সিলেটে দুটি নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপরে অবস্থান করছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে, কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানির বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সেন্টিমিটার। সেখানে সোমবার সকাল নয়টায় ১৫ দশমিক ৯৩ সেন্টিমিটারে অবস্থান করছিল। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে সোমবার সকাল নয়টায় ৯ দশমিক ৬২ সেন্টিমিটারে অবস্থান করছিল পানি।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সিলেটে দুটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে অন্য নদ-নদীর পানি সোমবার সকাল নয়টা পর্যন্ত বিপৎসীমার নিচে অবস্থান করছে।
অপরদিকে, কুশিয়ারার অমলসিদ পয়েন্টে সকাল ৬টায় বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বিভিন্ন এলাকায় নদীর তীর উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে। শহরের পাশাপাশি আজ সিলেটের বিভিন্ন এলাকায়ও পানি বৃদ্ধি পেয়েছে। রোববার অনেক উপজেলায় পানি কমে বিভিন্ন সড়কে যোগাযোগ শুরু হলেও সোমবার সকাল থেকে আবার বন্ধ হয়ে যায়।