Sylhet Today 24 PRINT

নগরীতে পাঠাও কর্মী খুন: গ্রেপ্তার শাহিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২৪

সিলেট নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের টিলায় ছুরিকাঘাতে পাঠাও কর্মী আবুল হাসান সাবিল হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহিন আহম্মদকে (১৯) রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছগির আহমেদ তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

 শুক্রবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন বলেন, শাহিনকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।


এরআগে গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানের পাশ থেকে সাবিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি  নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাঠাও কুরিয়ারে ডেলিভারির কাজ করতেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাবিলের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পাঠাও কুরিয়ারের কিছু ডেলিভারি সামগ্রী ও একটি বাইসাইকেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় শাহিনকে আটক করে পুলিশ। শাহিন  কাজীটুলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.