মৌলভীবাজার প্রতিনিধি | ২০ জুন, ২০২৪
প্রতীকি ছবি
মৌলভীবাজারে পৃথক স্থানে বন্যার পানিতে ডুবে ২ শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোর মারা গেছে। অন্যদিকে জেলার বড়লেখা উপজেলায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)। বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে আয়শা বেগম (১২)।
চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাটসহ ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুজনকে পানি থেকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মৌলভীবাজারের বড়লেখায় বন্যার পানিতে ডুবে আয়শা বেগম (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভাগাডহর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়শা ওই গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রী আয়শা বেগম বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে বন্যার পানিতে ডুবে সে মারা যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।