Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বজ্রপাতে গাড়ি চালক নিহত, আহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার(২৪ জুন) বিকাল ৪ ঘটিকার দিকে উপজেলার শাহজিবাজার রেল ক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি সিলেট জেলার জকিগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষনা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদ এর নবম শ্রেণীর শিক্ষার্থী সাজিদুর রহমান (১৫)।

জানা যায়, জকিগঞ্জ উপজেলা থেকে আহত সাজিদুর তার বাবা মোস্তাক আহমেদসহ পরিবারের আটজন সদস্য নোহা গাড়ি  নিয়ে তার খালু শাহজিবাজার এলাকার আহত সালামের বাড়িতে বেড়াতে আসেন। রেল লাইনের পাশে গাড়ি পার্কিং করে সবাই আত্মীয় বাড়িতে চলে গেলে সাজিদকে সাথে নিয়ে সালাম গাড়ির চালককে নিতে গাড়ির পাশে আসেন। চালকসহ তারা বাড়িতে যাওয়ার পথে বিকট শব্দে বজ্রপাত তাদের উপর পড়ে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ওপর দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.