Sylhet Today 24 PRINT

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল নারীর প্রাণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০২৪

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের খালিশ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেখা বেগম (৪০)। তিনি ছাতক উপজোলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (সুলেমানপুর) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

আহতরা হলেন রেখা বেগমের শাশুড়ি আয়জান বিবি (৬৫), ননদ রেনু বেগম (৩৩), অটোরিকশা চালক শফিক মিয়া (৩০) ও যাত্রী জাকির মিয়া (২২)।

পুলিশ জানান, চিকিৎসা শেষে নিহত রেখা বেগম তার শাশুড়ি ও ননদকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে জগন্নাথপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যান এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মির্জা রুবেল বলেন, আহত চারজনের অবস্থায় আশঙ্কাজনক। সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকটিসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

এরআগে গত বুধবার একই এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশার চালক প্রাণ হারান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.