নিজস্ব প্রতিবেদক | ০৭ জুলাই, ২০২৪
প্রতীকি ছবি
ছাগল নিয়ে দুই যুবকের মাঝে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে এতে যুক্ত হন ওই দুই যুবকের আত্মীয়-স্বজন। বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে প্রাণ যায় এক যুবকের।
শনিবার সকালে ঘটনাটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামে ঘটেছে।
নিহত যুবকের নাম আব্দুল মন্নান (২৫)। তিনি খলা গ্রামের কুদরত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭ থেকে৮ জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আব্দুল মান্নান মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে নিহত যুবকের লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।