Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ দিন ধরে নিখোঁজ নেপালি সম্প্রদায়ের ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২৪

সিলেট নগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা নেপালি সম্প্রদায়ের এক ব্যক্তি ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (৬ জুলাই) বিকেলে পাপলু প্রধান (৫৬) নামের ওই ব্যক্তি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সিলেট শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তার ছেলে প্রিতম প্রধান জানান, পাপলু প্রধান ব্যবসায়িক কাজে মহানগরের সোবহানীঘাটস্থ কাঁচাবাজারে যাওয়ার জন্য শনিবার বিকেলে বাসা থেকে বের হন। কিন্তু তিনি রাতে আর ঘরে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ওই দিন সঙ্গে নিয়ে যাননি। তাই আমরা বাবাকে সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে শাহপরাণ থানায় জিডি করেছি।

পাপলু প্রধানের সঙ্গে ব্যবসার অর্ধ লক্ষাধিক টাকা ছিল। তিনি সহজ-সরল প্রকৃতির লোক। কোনো চক্রের কবলে পড়ে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের আশঙ্কা।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান জানান, ওই ব্যক্তি নিখোঁজের জিডি হওয়ার পর থেকে তাকে উদ্ধার তৎপরতায় কাজ করছে পুলিশ। তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.