নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৪
সিলেট-ফেঞ্চুগঞ্জ উপজেলা সড়ক থেকে ট্রাকভর্তি ৩৩৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ট্রাকে করে ভারতীয় চিনি মোগলাবাজারের দিকে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়াইনঘাট থেকে ট্রাকটি চেকপোস্টে আসামাত্রা থামার সিগন্যাল দেওয়া হয়। ট্রাকটি দক্ষিণ নৈকাই এলাকার হজরত উমর (রা.) মসজিদের সামনে গিয়ে থামে। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৩৪ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। পরে চিনির সঙ্গে ট্রাকটিও জব্দ ও চালক মো. শহিদুল ইসলামকে আটক করা হয়। ৩৩৪ বস্তায় প্রায় ১৬ হাজার ৭০০ কেজি চিনি রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রাকচালক শহিদুলের সঙ্গে সাহেদ মোল্লা নামক আরও এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পলাতক সাহেদ মোল্লা চোরাই চিনির মালিক। তার বাড়ি সিলেটের জৈন্তাপুরে। জব্দ করা চিনি ভারত থেকে অবৈধভাবে গোয়াইনঘাট এলাকা দিয়ে বাংলাদেশে এনে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করছিল বলে জানায় শহিদুল। এ ঘটনায় মোগলাবাজার থানায় এসআই কৌশিক সরকার বাদী হয়ে মামলা করেছেন।