Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ ও মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২৪

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদ ও তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে মাধবপুরের মনতলা বাজারে মানববন্ধন, বিক্ষোভ, মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে বহরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সুমন ভক্ত শত শত লোক মনতলায় মানববন্ধনে অংশ নেয়।

এ সময় ‘সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, 'জীবন দিব সুমন ভাইয়ের জন্যে’ এমন শ্লোগানে উত্যপ্ত হয়ে ওঠে।

এসময় বক্তব্য রাখেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, আওয়ালীগ নেতা আং রশিদ মেম্বার, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আং ছামাদ সুমন, বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লু মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আরমান মেম্বার প্রমুখ।

হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গত ২৯ জুন ঢাকার শেরেবাংলা নগর থানায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে জিডি করেন।

অভিযোগে তিনি লেখেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে তার হোয়াটসঅ্যাপে চুনারুঘাট থানার ওসি ফোন করে জানান, তাকে হত্যা করতে চার-পাঁচজনের একটি দল মাঠে নেমেছে বলে পুলিশ জানতে পেরেছে।

রাতে তাকে বাইরে না যেতে ও সাবধানে চলাচল করতে ওসির পরামর্শ দেওয়ার বিষয়টিও জিডিতে বর্ণনা করে সুমন বলেছিলেন, তবে হুমকিদাতাদের ব্যাপারে ওসি তাকে কোনো তথ্য দেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.