Sylhet Today 24 PRINT

শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার

সুনামগঞ্জ প্রতিনধি |  ১৪ জুলাই, ২০২৪

শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন সাদিয়া বেগম (২৫)। সঙ্গে ছিলেন ছোট ভাই আতিকুর রহমান। কিন্তু তাদের বহনকারী অটোরিকশাটি গন্তব্যে পৌঁছার মিনিট দশেক আগেই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাদিয়া বেগম।

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ধনপুর এলাকায় সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া বেগমের স্বামীর বাড়ি দোয়ারাবাজার উপজেলার হাজারিগাঁও গ্রামে। বাবার বাড়িও একই উপজেলার রামপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরে সাদিয়া বেগম তার শ্বশুরবাড়ি থেকে একটি অটোরিকশায় করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। সুনামগঞ্জ শহর থেকে দোয়ারাবাজারে যাচ্ছিল আরেকটি অটোরিকশা। পথে ধনপুর এলাকায় ওই দুটি অটোরিকশার একটি আরেকটিকে পাশ কাটানোর সময় সাদিয়া বেগমদের বহনকারীদের অটোরিকশাটি একদিকে কাত হয়ে যায়। এতে সাদিয়া বেগম অটোরিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কর্মকর্তা জুবায়ের আহমদ জানান, সাদিয়া বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। মূলত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.