Sylhet Today 24 PRINT

বায়েজিদ সমন্বয়কারী টিমের তালিকায় ছিলেন না, দাবি সমন্বয়ক গালিবের

কোটাবিরোধী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২৪

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ‘পদত্যাগ’ দাবি করা ছাত্রলীগ কর্মী নুর মোহাম্মদ বায়েজিদ সমন্বয়কারী টিমের তালিকায় ছিলেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বরং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা, গুজব ছড়িয়ে নিজেকে সমন্বয়ক দাবি করছেন বায়েজিদ। মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নূর মো. বাইজিদ নামে শাবিপ্রবির একজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, নূর মো. বাইজিদ কেন্দ্রীয় কমিটির কোনো ধরনের সহ সমন্বয়ক কিংবা সাস্টের কোনো সমন্বয়ক এর দায়িত্বে ছিল না।

তিনি আরও বলেন, শাবিপ্রবিতেও আমরা কোনো কমিটি এখন পর্যন্ত করিনি বিধায় শাবিপ্রবিতে তার মতো উশৃংখলের সমন্বয়ক হওয়ার প্রশ্নই উঠে না। তবে সে (বায়েজিদ) শাবিপ্রবির একজন শিক্ষার্থী, সে একজন ছাত্রলীগ কর্মী, সে শুরু থেকে আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল, নেতৃত্ব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছে একাধিকবার, তার বিরুদ্ধে অনলাইনে মেয়েদের উত্যক্ত করার একাধিক অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে।

বায়েজিদের আনিত সব অভিযোগ মিথ্যা এবং ছাত্রলীগের প্ররোচনায় শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে সে এই মিথ্যাচারে লিপ্ত হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, তার (বায়েজিদ) আন্দোলনে অংশগ্রহণের উদ্দেশ্যই ছিলো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা।  

এদিকে বায়েজিদ কমিটিতেই ছিলেন না উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় সমন্বয়কারী আসিফ মাহমুদ। তিনি বলেন, শাবিপ্রবিতে যে কমিটি থেকে পদত্যাগের কথা বলছে সে কমিটিতেই ছিল না আমাদের। সে দাবি করছে সহ-সমন্বয়ক ছিল। খোঁজ নিয়ে দেখা যায়, বায়েজিদ শাবিপ্রবিতেও সমন্বয়ক টিমে ছিল না।

তবে আন্দোলন চলাকালীন বিভিন্ন সময় মাইক হাতে স্লোগান দিতে দেখা যায় বায়েজিদকে। এছাড়া আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে ছিলেন এই ছাত্রলীগ কর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.