জৈন্তাপুর প্রতিনিধি: | ১৭ জুলাই, ২০২৪
অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপার, চাতলারপার, বাওনহাওর এলাকায় ভ্রাম্যামণা আদালত পরিচালন করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধ জাল ক্রয়-বিক্রয় ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। অভিযানকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, এসআই আশরাফুল ইসলাম সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ৷
প্রসঙ্গত, খাল-বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।