Sylhet Today 24 PRINT

সিলেটে যান চলাচল কম, বন্ধ রয়েছে মার্কেট ও বিপনী বিতান

‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের মতো সিলেটেও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই সিলেটের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এদিন কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। একইসাথে নগরের প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ রাখা হয়েছে।

এদিকে সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

শাটডাউন কর্মসূচি নিয়ে আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থান নিব। জরুরি সেবা ছাড়া আর সব বন্ধ থাকবে। আশা করছি- সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষও আমাদের সঙ্গে থাকবেন। এটা অধিকার আদায়ের আন্দোলন, সবাই অংশগ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে শাবিপ্রবির শিক্ষার্থীরা শুরুতে মেয়েদের হলগুলো পুরোপুরি নিরাপদ করতে সকাল ১০টায় ক্যাম্পাসের গোল চত্বরে একত্রিত হয়ে মেয়েদের হল ঘুরে এসে রেজিস্ট্রার বিল্ডিং ও কন্ট্রোলার ভবনে তালা মেরে বেলা ১১টায় ভার্সিটি গেইটে অবস্থান নিবে এবং দিনভর মাঠে থাকবে।

তবে এসব কর্মসূচি শুরুর আগেই শাবি ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ।

বৃহস্পতিবার সকালের দিকে আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘পুলিশের ভয়ে কিছু সাধারণ ছাত্র-ছাত্রী হল ছেড়েছে। তবে বেশিরভাগই হলে রয়ে গেছে। পুলিশ চাপ দিচ্ছে হল ছাড়তে। যারা বের হয়েছে তারাও পুরোপুরি চলে যায়নি, আশপাশেই আছে। কর্মসূচি শুরু হলে তারা এসে আমাদের সঙ্গে যোগ দিবে।’

শাটডাউনে যান চলাচল নিয়ে জানতে চাইলে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘চালকদের গাড়ি না চালাতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে অনেকেই গাড়ি নিয়ে নামায় সিলেটে গণপরিবহন চলাচল কিছুটা কম। দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কিছু যানবাহন চলাচল করছে।’

সিলেট মহানগরী পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাবিসহ সিলেটের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে পুলিশ অবস্থান করছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.