Sylhet Today 24 PRINT

সিলেটে সংঘর্ষে পুলিশসহ আহত ১৬, আটক ১০

কোটা সংস্কার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক ও আশপাশে অবস্থানে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ১০ জনকে আটক করেছে পুলিশ।

বর্তমানে শাবিপ্রবির গেটের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এর আগে বেলা ১২টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা মদীনা মার্কেটসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। মাঝে মাঝে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হচ্ছে। এদিকে পুলিশের সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

দুপুর ১টা ১৫ দিকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়ায়।

পুলিশ টিয়ারশেল, শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এ সময় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'শাবিপ্রবির গেটের সামনে প্রচুর বহিরাগতরা অবস্থান নিয়েছিল। তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আজবাহার আলী শেখ জানান, ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকজন বহিরাগত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.