Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কারফিউ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০২৪

হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে চলা বিক্ষোভে গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার জেরে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

গতকাল শুক্রবার হবিগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোস্তাক আহমেদ (২৪) নামে একজন শ্রমিক। শুক্রবার বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিজিবি) ঠিকাদারের অধীনে বিদ্যুৎ শ্রমিক হিসেবে কাজ করতেন।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী বলেন, প্রাথমিক রিপোর্টে মোস্তাক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

গতকাল জুমার নামাজের পর হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

হবিগঞ্জে আন্দোলনের সমন্বয়ক আনাস মোহাম্মদ বলেন, 'আমরা আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছিলাম। তখন আওয়ামী লীগের লোকজন পিছন থেকে হামলা করে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.