নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সিলেটে ছাত্র-জনতার ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে চৌহাট্টা-জিন্দাবাহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সময় বাড়ছে জমায়েত।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১২ টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা।একপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও এসে যোগ দেন এই জমায়েতে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকীও দলবল নিয়ে আন্দোলন কর্মসুচিতে যোগ দেন।
"বিক্ষোভ মিছিল' করার ঘোষণা দেয়া হলেও মিছিলের পরিবর্তে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পাশেই সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা 'ভুয়া, ভুয়া' শ্লোগান তুলে। পুলিশের দিকে তেড়েও যায় কয়েকজন। একপর্যায়ে পিছু হঠে পুলিশ।
নয়া দফা দাবিতে এই কর্মসুচি দেয়া হলেও শনিবারের কর্মসুচি থেকে মুলত সরকারের পদত্যাগের এক দফা দাবিই জানানো হয়। এই দাবিতেই শ্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডেও লেখা ছিলো এই দাবি।
বেলা ৩ তার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই কর্মসূচী চালিয়ে যান আন্দোলনকারীরা।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোন নাশকতামূলক ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
তিনি বলেন, আন্দোলনকারীরা শান্তিপুর্ণভাবে কর্মসুচি পালন করলে পুলিশ তাদের বাধা দিবে না। তবে তারা বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।