Sylhet Today 24 PRINT

কামরান-গউছের হাস্যোজ্জ্বল করমর্দন, কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৬

বুধবার দুপুর প্রায় ১২ টা। শপথ নিতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে হাজির সিলেটের ১৬ পৌরসভার নবনির্বাচিত মেয়ররা। শপথ নেওয়ার জন্য জেল থেকে প্যারোলি মুক্তি পেয়ে হাজির হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছও।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানও উপস্থিত হন জেলা পরিষদ মিলনায়তনে। অনুষ্ঠানস্থলে হাজির হয়েই কামরান হাসিমুখে হাত বাড়িয়ে দেন হবিগঞ্জের বিএনপি নেতা গউছের উদ্দ্যেশে। দুই দলের দুই নেতা হাস্যোজ্জ্বল করমর্দন করেন। একে অপরের কুশল বিনিময়ও করেন।

এরপর শুরু হয় শপথ গ্রহণ পর্ব। শপথগ্রহণকালে কামরান-গউছ একে অপরের সাথে আলাপ করতে দেখা যায়। মেয়রদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূইয়া।

কিবরিয়া হত্যা মামলার চার্জশীট ভূক্ত আসামী হয়েই গত মেয়াদে মেয়র পদ থেকে সাময়িক বহিস্কৃত হয়েছিলেন গউছ। একই অভিযোগে কারাবন্দিও হন এই বিএনপি নেতা।

তবে গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস ধরে কারাবন্দী রয়েছেন। শপথ গ্রহণের জন্য বুধবার কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

শপথ গ্রহণকালে কামরান ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনমাগঞ্জের জেলা প্রশাসকসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.