নিজস্ব প্রতিবেদক | ০৪ আগস্ট, ২০২৪
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আগুন দিয়েছে আন্দোলনকারীরা। রোববার বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান সংসদ সদস্যের কার্যালয়টি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। কারা এটা করেছে, খোঁজ নেওয়া হচ্ছে।’
কয়েক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে মিছিল নিয়ে গিয়ে সেমি পাকা কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি আসবাবেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আন্দোলনকারীরা সরে যান।
যোগাযোগ করা হলে সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, কার্যালয়টি বন্ধ ছিল। বন্ধ এ কার্যালয়ে জামায়াত-বিএনপির সদস্যরা গিয়ে ভাঙচুর চালিয়েছে, আগুন দিয়েছে।