জগন্নাথপুর প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৫ আগস্ট) রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোস্ট অফিস মার্কেটে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিহত আফজল ওই এলাকার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের মল্লিক আকমল মিয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, গতকাল সোমবার রাত ৯টার দিকে আফজলকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। তার দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, ‘আমরা কর্মবিরতিতে রয়েছি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।