শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২৪
মৌলভীবাজার শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণে অবৈধ বিদেশী ব্রান্ডের মদ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ৯ টায় ওই ক্লাবে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল এক অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর এ অভিযান কালে ১০০ বোতল দেশি-বিদেশী মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা ও বিপুল পরিমাণে জন্মবিরতিকরণ বড়ি জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।
এসময় সেনাবাহিনী হাতে আটক হন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পাল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল গত বুধবার রাতে মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করেন। পরে তিনিও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোথায় থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে তিনি শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে, সেখানে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালালে এসব অবৈধ মদসহ বাকী দ্রবাদি জব্দ করা হয় বলে তিনি জানান।