Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, দুই ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০২৪

শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ। দুই ঘন্টা পর রবিবার ভোররাত ৪টা ৫ মিনিটে রেললাইন থেকে দর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশ করার সময় ভানুগাছ সড়কের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় রেলক্রসিং গেইটম্যান উপস্থিত ছিলেন না, যার ফলে গেইটটি বন্ধ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, গেইট না থাকার কারণে ট্রাকটি ট্রেনের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে। ভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, সংঘর্ষের পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ট্রেনের সাথে ট্রাকের এই সংঘর্ষের পর রেল চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার ভোররাত ৪টা ৫ মিনিটের দিকে ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হলে ফের রেল চলাচল শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.