Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ৫ সাংবাদিককে আসামি করে থানায় মামলা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০২৪

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিজয় মিছিলে হামলার অভিযোগে বিয়ানীবাজারের পাঁচ জন পেশাদার সাংবাদিককে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার (২০ আগস্ট) বিয়ানীবাজার থানায় ইনারুন নেছা (৪২) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার নিদনপুর গ্রামের মৃত মো. রফিক উদ্দিনের স্ত্রী।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাদেক আহমদ আজাদ, মিসবাহ উদ্দিন ও মহসিন আহমেদ রনিসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক পরিচয়ধারী ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত রাখা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ আসামিকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিয়ানীবাজার উপজেলা চত্বরে বিজয় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সংগঠনের নেতাকর্মী এজাহারনামীয় ও অজ্ঞাতনামারা লাঠিসোটা, ইট পাটকেল, বিভিন্ন জীবনহানিকর দেশীয় অস্ত্রশস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার জন্য হামলা চালায়।

প্রসঙ্গত, ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের করা মিথ্যা মামলা। ওই মামলার বিষয়বস্তুর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কারো শত্রু নয়। তারা সংবাদ প্রকাশের জন্য সকল পক্ষের সাথে যোগাযোগ রাখেন। পেশাগত প্রয়োজনে তাদেরকে শত্রু মনে করা কারো সমীচীন নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.