Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে তিনটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ১৬৬ জন ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগপত্র পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সেনাবাহিনী ক্যাম্পে দাখিল করা হয়।

অভিযোগ পত্র থেকে জানা যায়, ১৩৩ নং পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে আসছিলেন। স্লিপের ফান্ডের টাকা, ভুয়া ভাউচার তৈরি করে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। শিক্ষার্থীদের পাঠদানের প্রতি খেয়াল না করে নিজের বালু, পাথরের ব্যবসায় কাজে বাইরে ব্যস্ত থাকেন। এছাড়া বিদ্যালয়ের ছাদে কৃষিপণ্যের বাগান তৈরি করে ব্যবসা করছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ে কোন কমিটি না থাকায় প্রধান শিক্ষক তার ইচ্ছামতো নানা অনিয়মে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। দ্রুত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা করে শিক্ষকের অপসারণ দাবি করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছমির উদ্দিন বলেন, সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের প্রতি যত্নশীল না হয়ে তিনি বালু, পাথরের ব্যবসার জড়িত থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ফান্ডের অর্থ আত্মসাতের করে আসছেন। এসব বিষয়ে মৌখিকভাবে বারবার স্থানীয় শিক্ষা অফিসকে অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পাওয়া গেছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.