নিজস্ব প্রতিবেদক | ০৬ সেপ্টেম্বর, ২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ‘এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ অর্থমন্ত্রী ছিলেন। তিনি ১২টি বাজেট প্রণয়নের বিরল দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন। বাজেট থেকে তিনি চালু করেন মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ব্যবস্থা। অর্থনৈতিক সংস্কার ও সমৃদ্ধির পথিকৃৎ এম সাইফুর রহমান।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম। সভায় আরও বক্তব্য দেন সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকান্দার আলী, বর্তমান সভাপতি শাহাবুদ্দীন আহমদ। আলোচনা সভার পর দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তৃতায় মিফতাহ সিদ্দিকী আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে সারা দেশের সঙ্গে সমান্তরাল উন্নয়নে সিলেট বিভাগে আপামর জনসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসার আসনে আসীন আছেন এম সাইফুর রহমান। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠান থেকে বিগত সরকার সাইফুর রহমানের নাম অপসারণ করে নিলেও জনতার হৃদয় থেকে তাকে মুছে দেওয়া যায়নি।’
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এম সাইফুর রহমান কলেজ থেকে দেশ-জাতির উন্নয়নের লক্ষ্যে আগামী দিনের এক একজন কর্মবীর সাইফুর রহমান গড়ে উঠতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।