Sylhet Today 24 PRINT

এমএম শাহীনের বিরুদ্ধে চার্জ গঠন

নিউজ ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৬

গত বছরের ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে কুলাউড়ায় পুলিশ অ্যাসল্ট মামলায় সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএম শাহীনসহ ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল জানান, পুলিশ অ্যাসল্ট মামলার (নং ৬/১৫ কুলাউড়া) সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এমএম শাহীনের আবেদনের প্রেক্ষিতে আদালত ২০৫ ধারায় ২০ দিন ব্যক্তিগত হাজিরা থেকে আইনজীবীর জিম্মায় তাকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি দেশের অন্যান্য এলাকার মতো কুলাউড়ায় সাবেক এমপি এমএম শাহীন বিএনপি নেতাকর্মীদের নিয়ে পতাকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয় এবং ৩০ জুন ও মামলায় সাবেক এমপি এমএম শাহীনসহ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.