Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর ডিগ্রি কলেজের কম্পিউটার ল্যাব, নামে আছে কাজে নেই

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ১০ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একমাত্র ডিগ্রি কলেজ, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর মানসম্মত শিক্ষা দিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে মডেল হতে পারতো জগন্নাথপুর ডিগ্রি কলেজ। কিন্তু শিক্ষকদের মধ্যে বিভাজন, সদিচ্ছার অভাবে পিছিয়ে পড়েছে অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার কয়েক বছর পর স্থাপন হয় ৫০টি কম্পিউটার নিয়ে একটি আধুনিক কম্পিউটার ল্যাব।

শুধু স্থাপনেই সীমাবদ্ধ এই ল্যাব। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়ানোর জন্য যে উদ্দেশ্যে কম্পিউটার ল্যাব স্থাপন, কার্যত এর কোন সুফলই পাচ্ছে না কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ল্যাব যে নামে আছে, কাজে নেই।

ব্যবহার না করতে করতে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ কম্পিউটার। কলেজ প্রতিষ্ঠার পরপর স্থাপন করা ল্যাবের ৫০টি কম্পিউটারের আছে। বাকি দুইটি অফিসের কাজে ব্যবহার করছে অফিস সহকারীরা। কারণ ল্যাব প্রতিষ্ঠার পর থেকে কম্পিউটারগুলো ব্যবহার করা হয়নি। তবে দীর্ঘদিন ব্যবহার না করায় অধিকাংশই নষ্ট হওয়ার শঙ্কা জানিয়েছেন শিক্ষার্থীরা।

ল্যাবটি যে আসলেই ব্যবহার হয়নি সরেজমিন ঘুরে তাই দেখা গেছে। অনেকটা ভুতুড়ে কক্ষেই মতোই দীর্ঘদিন ধরে পড়ে আছে এ কম্পিউটারগুলো। এতে করে শুরু থেকেই ল্যাবের সুফল পায়নি শিক্ষার্থী, গচ্চা গেছে সরকারি টাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে ল্যাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে কোনো উদ্যোগ নেয়নি কলেজ প্রশাসন। অবশ্য এর অনেকটা দায়সারা জবাবও দিলেন শিক্ষকরা।

এদিকে, তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে কলেজ প্রশাসনের গাফিলতিতে সরকারের মহাপরিকল্পনা ভেস্তে যেতে বসেছে বলছেন অভিভাবকরা। অভিভাবকরা বলেছেন, এ কলেজের শিক্ষকদের মাঝে চলছে দীর্ঘদিন ধরে গ্রুপিং। প্রায় শিক্ষক সপ্তাহে তিনদিন কলেজে আসেন। সপ্তাহে ৫ দিন কলেজে উপস্থিত থাকার কথা থাকলেও নিজেরাই অনিয়মকে করেছেন নিয়ম। তৈরি করেছেন রোস্টার ডিউটি। সপ্তাহে তিনদিন করে ক্লাস নিবেন প্রতিজন শিক্ষক। নেই কম্পিউটার শিক্ষক। নামে তথ্য প্রযুক্তি কম্পিউটার ল্যাব।

সম্প্রতি ল্যাবটি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, ডিগ্রি ভবনের তৃতীয় তলার কক্ষটিতে সারিবদ্ধভাবে বসানো আছে কম্পিউটার। কোনোটির সংযোগ আছে কোনোটির নেই। অযত্নে-অবহেলায় ধুলোবালি জমেছে সবগুলো ডেক্সে। শিক্ষকরা ল্যাবটিতে ক্লাস চলছে দাবি করলেও শিক্ষার্থীরা বলছেন ভর্তি থেকে আজ অবধি কখনো কম্পিউটার কী করে চালু করতে হয় তা তারা জানতে পারেনি!

কলেজের সাবেক শিক্ষার্থী মো. নুরমান হোসেন ইমন, এমবি মকন আহমেদ, মো. তারেক আহমেদ জানান, দীর্ঘদিন ধরে কম্পিটারগুলো অকেজো হয়ে পড়ায় তারা কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থেকে বঞ্চিত ছিলেন।

কলেজের সাবেক শিক্ষার্থী সৈয়দ রিয়াদ আহমদ জানান, ল্যাবের কোনো শিক্ষক নেই, কলেজের সব কিছু দেখার জন্য অনুরোধ যাচ্ছি সরকারের কাছে।

জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন জানান, ল্যাবটি চালু আছে প্রথম থেকে বিদ্যুতের সমস্যার কারণে ক্লাস নিতে পারছেন না এখন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.