Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন মাজারে গান বাজনা নিষিদ্ধ

তাহিরপুর প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরে শাহ আরেফিন (রহ.) মাজারে প্রতি বছর ওরসকে কেন্দ্র করে গান বাজনা হতো। এখন থেকে ওরস ছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার গান বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ।

মাজার কর্তৃপক্ষ জানায়, মাজারে ওরস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। সেজদা ও করবেন না। এখন থেকে বাৎসরিক ওরসসহ বৃহস্পতিবার ও শুক্রবার গান বাজনা বন্ধ থাকবে। কেউ যদি এই নির্দেশনা অমান্য করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।

এরআগে নাচ, গান,মদ, জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক,অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানায় স্থানীয় ছাত্র জনতা।

আরও জানা গেছে, প্রতি বছর নিয়ম অনুযায়ী তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল ও শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সকল আয়োজন।

মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা প্যান্ডেল করে উচ্চ শব্দে গান বাজনা করে, নাচ, মাদক সেবনসহ অন্যান্য কাজ করে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্ত আশেকানগণ।

এ ব্যাপারে শাহ আরেফিন মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির জানান, মাজারে গান বাজনা বন্ধের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে মাজারে গান বাজনা, মাদক সেবন করা যাবে না। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে সার্বিক পরিস্থিতি কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.