Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান-পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কালামের লোকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। তবে পুলিশ বলছে আহতের সংখ্যা ৮-১০ জন হবে।

এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। চিকিৎসা নিতে তিনিও সিলেটে গেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নূর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা হলেও এই ঘটনার জের থেকে যায়। পরদিন সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। যদিও পুলিশ বলছে আহতের সংখ্যা ৮-১০ জন।

এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে ছুড়ে আসা ঢিলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় আট থেকে দশজন আহত হওয়ার খবর পেয়েছি। আরও কিছু আছেন যারা ঢিল খেয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.