Sylhet Today 24 PRINT

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.