Sylhet Today 24 PRINT

সরকার পতনের দিনে মারধরের শিকার অটোরিকশা চালকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের দিনে সিলেটের গোলাপগঞ্জে মারধরের শিকার হওয়া এক সিনএনজি অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বিকেল ৪টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার নাম ফখর উদ্দিন (৩৮); তিনি উপজেলার রণকেলীর নুরুপাড়ার মৃত রইয়ব আলীর ছেলে।

নিহতের ছোট ভাই ফজলু আহমদ জানান, গত ৫ আগস্ট পৌর এলাকার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রাঙাঢহর বাজারে একই গ্রামের ইজ্জাত আলীর ছেলে দোলাল আহমদের সাথে ফখর উদ্দিনের আওয়ামী লীগ সরকার পতনের বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দিলেও দোলাল আহমদ তার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে ১৫/২০ জনকে নিয়ে আবারো ফখর উদ্দিনের উপর হামলা করেন। এসময় ফখর উদ্দিনের মাথা ফেটে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে এক সপ্তাহ আগে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে আবারো ফেরেন।

রোববার দুপুরে আবারো তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো: আব্দুন নাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফখর উদ্দিনের মৃত্যুর বিষয়টি তার পরিবার জানিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.