Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থেকে ১.৩৭ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ বিজিবির

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০২৪

সিলেটে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৬৩ বস্তা ভারতীয় চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.