Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর (৫১) ও কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান মিয়া (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয় এবং শাহান সিলেটের দক্ষিণ সুরমা থানার একটি মামলার ও এসএমপি কোতোয়ালি থানার আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারের পর তাদেরকে রোববার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুরের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.