Sylhet Today 24 PRINT

নিখোঁজ ইলিয়াসের সন্ধান পেতে সরকারের সহযোগিতা চান বিএনপি নেতারা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৪

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন সিলেট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার সন্ধান কামনায় ইলিয়াস পরিবারসহ আমরা (বিশ্বনাথ বিএনপির নেতারা) ৫ আগষ্টে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গিয়েছি, কিন্তু কোন সন্ধান পাইনি। এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি ও সরকারের সহযোগিতা চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে। আমরা চাই সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী যেন আমাদের মধ্যে অক্ষত ও জীবন্ত অবস্থায় ফেরত আসেন। আপনারা আমাদের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্যে লেখনীর মাধ্যমে সহযোগিতা করবেন।

সোমবার (০৭ অক্টোবর) রাতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুমিন খান মুন্নার মতবিনিময় সভায় সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি নেতারা এই আকুতি জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. গৌছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার (যায়যায়দিন) সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নবীন সোহেলের (কালবেলা) পরিচালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাবের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল এস ইউকে/সমকাল/সিলেট মিরর) ও এমআর টুনু তালুকদার (আনন্দটিভি)।

এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (বাংলাটিভি), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), রোহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও এনটিভি ইউরোপ’র ক্যামেরাপার্সন আফজল মিয়া উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.