বড়লেখা প্রতিনিধি | ০৮ অক্টোবর, ২০২৪
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন (৬৫), বড়লেখা উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান ওরফে সাদ্দাম (৩৩), জয়নাল আবেদীন (৬০) ও বদরুন নেছা (৫৫)।
থানা পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন ও যুবলীগ নেতা মুজিবুর রহমান ওরফে সাদ্দামকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১৫২ নম্বর মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জয়নাল আবেদীন ও বদরুন নেছাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।