Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভোররাতে দুর্বৃত্তের আগুনে বসতবাড়িতে পুড়ল ঠিকাদারের ট্রাক

বড়লেখা প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২৪

বড়লেখায় দুর্বৃত্তের আগুনে পুড়ছে সনজিত দাসের ট্রাক (বায়ে)। পুড়ে যাওয়া ট্রাকের একাংশ (ডানে)।

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সভাপতি, আওয়ামী লীগ নেতা ও প্রথম শ্রেণির ঠিকাদার সনজিত দাসের বসতবাড়িতে রাখা মালিকানাধীন ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার ভোররাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব-দক্ষিণভাগ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে তার বসতবাড়িটি। এই ঘটনায় পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ট্রাকটি এখনো পড়ে রয়েছে বাড়ির আঙিনায়। পরিবারের সদস্যদের চোখে-মুখে এখনো রয়েছে আতঙ্কের ছাপ। পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে।

এই ঘটনায় সনজিত দাস বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সনজিত দাস বলেন, শনিবার ভোররাতে দুর্বৃত্তরা বসতঘর সংলগ্ন গ্যারেজে থাকা আমার ট্রাকগাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িটিসহ গ্যারেজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজের আগুন বসতঘরের দিকে ধাবিত হলে স্বজন ও প্রতিবেশিরা মিলে তা নিভিয়ে ফেলায় বসতঘরটি রক্ষা পায়। ট্রাক পুড়ে তার অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরআগে ১০ গত আগস্ট অজ্ঞাত চোরেরা রাতের আঁধারে গাড়ির গ্যারেজ থেকে ৪০০ কেজি রড নিয়ে গেছে। গত ৮ অক্টোবর রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে। এরপর গত ১০ অক্টোবর রাতে বসতঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে বিষয়টি বড়লেখা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের অবগত করি।

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.