Sylhet Today 24 PRINT

সিলেটের জিপি-পিপি তালিকা বাতিলের দাবিতে ল’ইয়ার্স কাউন্সিলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২৪

সিলেটের জেলা ও মহানগর আদালতসমূহের পিপি-জিপিসহ প্রকাশিত বিতর্কিত তালিকা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের নেতৃবৃন্দ। প্রকাশিত তালিকা বাতিলের দাবিতে আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. শামছুল হক, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলিম উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিক, সিনিয়র আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট আফজল মিয়া তালুকদার, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট দেলোয়ার হোসেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, আদালতে জিপি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং পিপি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছি তিনিও যুক্তরাষ্ট্র প্রবাসী এমনকি বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি প্রবাসে ছিলেন। এছাড়া নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী এবং ফ্যাসিবাদের দোসররাও স্থান পেয়েছে। যা খুবই দুঃখজনক। আদালতের পরিবেশ ও সুষ্ঠু বিচারকার্য পরিচালনার স্বার্থে উক্ত পিপি ও জিপি তালিকা বাতিল করে আইন পেশায় সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশের জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (১৬ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে সরকারি এই আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) হয়েছেন শামীম আহমদ সিদ্দিকী। জেলা ও দায়রা জজ আদালতের পিপি হয়েছেন এটিএম ফয়েজ উদ্দিন। মহানগর দায়রা জজ আদালতের পিপি হয়েছেন বদরুল আহমদ চৌধুরী। বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপির দায়িত্ব পেয়েছেন হাসান আহমদ পাঠোয়ারী রিপন। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি হয়েছেন শাহ আশরাফুল ইসলাম আশরাফ। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন এম. মজিবুর রহমান মজিব। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হয়েছেন আবুল হোসেন। সাইবার ট্রাইব্যুনালের পিপির দায়িত্ব পেয়েছেন মো. এজাজ উদ্দিন। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. মুহিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.