নিজস্ব প্রতিবেদক | ২০ অক্টোবর, ২০২৪
সাত বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে অনুপ্রবেশ করেন মায়ানমারের নাগরিক মো. আনিসুর রহমান (৪৮)। এরপর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেন তিনি। সম্প্রতি ভালো চাকরির সন্ধানে তিনি সিলেট আসেন। শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে তাকে আটক করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, ৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গালাবাড়ি নামক স্থানে স্থানীয় জনসাধারণ মায়ানমার নাগরিক (এফডিএমএন) মো. আনিসুর রহমানকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ মিনাটিলা বিওপিতে সংবাদ দিলে বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়। তার কাছে কোন পরিচয়নপত্র পাওয়া যায়নি। পরে আটককৃত মিয়ানমার নাগরিককে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তি মিয়নমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির সিও লে. কর্নেল হাফিজ বলেন, আটককৃত মিয়ানমারের নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাত বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে অনুপ্রবেশ করেন তিনি। এরপর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়েছেন। সর্বশেষ ভালো চাকরির সন্ধানে তিনি সিলেট আসলে ঝিঙ্গালাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মো. বদরুদজ্জামান জানান, আটক মিয়ানমারের নাগরিককে পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।