রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর | ২২ অক্টোবর, ২০২৪
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।
সোমবার (২১ অক্টোবর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমেদসহ কেন্দ্রীয় এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। এরআগে গত বুধবার ওই নেতা-কর্মীদের নিয়ে পবিত্র ওমরা পালনে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে যান।
এদিকে, বিএনপির ওই নেতার আগমনে আরও ৩৫ নেতা-কর্মী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে অবস্থান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আকাশ পথে আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবেন কয়ছর এম আহমেদ। পরে সুনামগঞ্জের জগন্নাথপুরে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিবেন।