রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর | ২২ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বকুল গোপকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
যুবলীগের ওই নেতা জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা গ্রামের গোপেশ চন্দ্র গোপের ছেলে এবং তিনি জগন্নাথপুর বাজারের একজন ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৯ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।