Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৬ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা জানান, সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০ থেকে ১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেণিতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে। মাসব্যাপী এ ক্যাম্পেইন প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এ টিকাদান চলবে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম চালু থাকবে। উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ হাজার ২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.