সুনামগঞ্জ প্রতিনিধি | ২৭ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সাইকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৫০ জনকে আসামি করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া সাইকুল এখনো অধরাই রয়েছে গেছে।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। শনিবার দায়ের করা মামলায় ছিনিয়ে নেওয়া আসামি সাইকুল ইসলামকে প্রধান আসামি করে ৩৪ জনের নামউল্লেখসহ ১৫০জনকে আসামি করা হয়েছে করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, চোরাকারবারি, মাদক ও মারামারি’র মামলার আসামি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সদস্য ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলীর ছেলে সাইকুলকে গত বৃহস্পতিবার রাত ৯টায় পুলিশ সীমান্তের শিলডুয়ারের চান্দের বাজার থেকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ পড়ায়।
পরে সিএনজিযোগে থানায় নিয়ে যাওয়ার সময় চান্দের বাজার এলাকায় পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় এক থেকে দেড়শ মানুষ জড়িত ছিলেন বলে জানান সাইকুলকে গ্রেপ্তারকারি থানার এসআই নবী হোসেন।
জেলা পুলিশ আরও জানায়, সাইকুলের বিরুদ্ধে চোরাকারবারি, মাদক ও মারামারি’র মামলা রয়েছে।
গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা করে সে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় থানার এসআই নবী হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেছেন শনিবার। মামলায় ৩৪ জনের নামউল্লেখ করে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।