Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে নিজ ঘরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের এসপি বাংলা এলাকার বাসার মেঝেতে লাশ দুটি পড়ে থাকতে দেখা যায়। নিহতরা হলেন-মৃত শহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে ওই বাসার গৃহকর্মী এসে দেখেন ঘর খোলা ও মা-ছেলের লাশ মাটিতে পড়ে আছে। বিষয়টি তিনি নিহতদের স্বজনদের জানান। স্বজনরা খবর পেয়ে এসে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদা বেগম তার ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলে ভাড়া থাকতেন।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে বাসায় থাকা ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.