Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০২৪

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ চিনির চালান জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এসময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬) একই জেলার মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান পরিচালনা করে পাথরবোঝাই ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালানো হয়। এসময় পাথরচাপা অবস্থায় ১৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাই চিনি জব্দের ঘটনায় আটক দুইজনসহ পলাতক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আটক দুইজনকে গ্রেপ্তার  দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.