Sylhet Today 24 PRINT

এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশায় কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হন শিক্ষার্থীরা। এ সময় সিএনজি গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতল এলাকায় আসলে এক শিশুকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়।

এ সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.