Sylhet Today 24 PRINT

জমি সংক্রান্ত বিরোধে কানাইঘাটে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২৪

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় চাচাতো ভাই সুলতানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। ফজরের নামাজের পর কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে বাগকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুলতান গরু জবাই করার জন্য ব্যবহৃত দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন জোবায়ের হোসেনকে। দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুলতানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.