Sylhet Today 24 PRINT

সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২৪

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা থানা এলকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ ও র‍্যাব-১।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.