Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মসজিদ নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জেরে মসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকে একটি পোষ্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মারামারির ঘটনায় ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে সুজাত মিয়া নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.