Sylhet Today 24 PRINT

লাখাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত অন্তত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২৪

হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল নিয়ে বিরোধের জেরে দুই ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে প্রায় ৪০ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য ও একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার নজরুল ইসলাম তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পাটি বাঁধ (মাছ ধরার ফাঁদ) দেয়। এসময় তাতে বাধা প্রদান করে আমিনুল ইসলাম ও তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.